বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা: ১৮ নভেম্বরের মধ্যে প্রবল রূপ নিতে পারে ‘আকভান’
ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা
বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের শঙ্কা দেখা দিয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন, এটি আরও শক্তি সঞ্চয় করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে একটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ওড়িশা টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একই এলাকায় আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি আরও শক্তিশালী হয়ে ১৬ নভেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, লঘুচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’।
ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ নিয়ে একটি প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দেশের বা কোন অঞ্চলের উপকূলের দিকে অগ্রসর হবে, তা এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। উপকূলে আঘাত হানার সঠিক স্থান ও সময় জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এদিকে, সাগরে লঘুচাপ সৃষ্টির ফলে উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতে আবহাওয়া পরিস্থিতির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে। ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতি স্পষ্ট হলে পরবর্তী সতর্কবার্তা জারি করা হবে।