গাইবান্ধার সুন্দরগঞ্জে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, ঈদের আনন্দ মুহূর্তে বিষাদ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
ঈদের অনাবিল আনন্দ মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হলো গাইবান্ধার সুন্দরগঞ্জে। উপজেলার হরিপুর তিস্তা (মাওলানা ভাসানী) ব্রিজ সংলগ্ন মহাসড়ক মোড়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় স্থানীয় এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের দিন উৎসবে মুখরিত ছিল তিস্তা ব্রিজ এলাকা। এ সময় বেপরোয়া গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক দুর্ঘটনার পর উৎসবের আমেজ রূপ নেয় গভীর শোকে। নিহত ব্যক্তির পরিবার ও এলাকায় নেমে এসেছে মাতম।
পুলিশ ও স্থানীয়রা জানান, উৎসবের দিনগুলোতে তরুণদের বেপরোয়া মোটরসাইকেল চালনার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেপরোয়া গতি বন্ধে চালকদের আরও সচেতন হওয়া জরুরি।
প্রতিবেদন: ওয়াদুদ খন্দকার, দৈনিক জনকথা