কালীগঞ্জে একাধিক উন্নয়ন কর্মসূচি: বিতরণ হলো ১৫৭ সাইকেল, ১৫০ সেলাই মেশিন ও ২০টি ছাগল
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সহায়তায় ব্যাপক উপকরণ বিতরণ করা হয়েছে। বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ১৫৭টি বাইসাইকেল, ১৫০টি সেলাই মেশিন এবং ২০টি ছাগল বিতরণ করা হয়।
বুধবার (২৬ জুন) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ. কে. এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম কামরুল ইসলাম।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মাধ্যমিক পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১৫৭টি বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ১৫০টি সেলাই মেশিন এবং অনগ্রসর ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থনৈতিক সহায়তার জন্য প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে ২০টি ছাগল ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন বলেন, "তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক মুক্তি ও শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এই উন্নয়ন কর্মসূচির মূল লক্ষ্য। এই উপকরণগুলো যেন সঠিকভাবে কাজে লাগিয়ে প্রত্যেকে স্বাবলম্বী হতে পারেন, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।"
কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।