কালীগঞ্জে দুর্গা মন্দিরে চুরি ও সিসিটিভি ভাঙচুর: ফুটেজে ৩ যুবক শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (গাজীপুর):গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকার একটি দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনাটি ধামাচাপা দিতে মন্দিরের সিসিটিভি (CCTV) ক্যামেরা ভাঙচুর করে দুর্বৃত্তরা। তবে শেষ রক্ষা হয়নি; ভাঙচুরের আগেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত স্থানীয় ৩ যুবককে শনাক্ত করা গেছে।শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন—দেওপাড়া এলাকার হালিম মিয়ার ছেলে নাইম (২০), হানিফ মিয়ার ছেলে শাহিন (২৫) এবং আব্দুল সাত্তারের ছেলে মো. আলম মিয়া (২৬)। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবকরা এলাকা ছেড়ে পলাতক রয়েছেন বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে মন্দিরে প্রস্তুতি চলছিল। গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে বিভিন্ন মূল্যবান মালামাল ও প্রণামী বাক্স লুট করে নিয়ে যায়। চুরির প্রমাণ নষ্ট করতে তারা মন্দিরের সিসিটিভি ক্যামেরাগুলো পিটিয়ে ও মুচড়ে ভাঙচুর করে। সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরের গেট ও দানবাক্স ভাঙা অবস্থায় দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন এবং পুলিশে খবর দেন।চুরির ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মন্দিরের ক্ষয়ক্ষতি পর্যালোচনা করেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ও এলাকাবাসীর সাথে কথা বলেন।এদিকে, সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত এই যুবকরা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম ও মাদকসংশ্লিষ্ট অপরাধের সাথে যুক্ত। আসন্ন উৎসবের আগে মন্দিরে এমন হামলার ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।এ বিষয়ে কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে শনাক্ত হওয়া আসামিদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।