কালীগঞ্জে দুদিনে দুই মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য
নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ (গাজীপুর):
গাজীপুরের কালীগঞ্জে পরপর দুই দিনে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চুয়ারিয়াখোলা গ্রামে এক কলেজশিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর পরদিনই পৌর এলাকার বালীগাঁও থেকে আরও এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ২৪ ঘণ্টার ব্যবধানে এমন দুটি মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে গভীর উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কলেজশিক্ষার্থীর নাম অনিক বিশ্বাস (১৮)। তিনি উপজেলার তুমলিয়া ইউনিয়নের মধ্য চুয়ারিয়াখোলা গ্রামের রতন বিশ্বাসের ছেলে এবং কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এই ঘটনার পরদিন, অর্থাৎ শনিবার (৩১ অক্টোবর) সকালে কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও চৌধুরী বাড়ি এলাকার একটি পুকুরপাড়ের গাছ থেকে দেলোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। দেলোয়ার হোসেন নীলফামারী সদর উপজেলার পাঁচপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। তিনি পরিবার নিয়ে বালীগাঁও এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। দেলোয়ারের স্ত্রী মোর্শেদা বেগম জানান, তাঁর স্বামী বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি তিনি। পরদিন সকালে স্থানীয়দের মাধ্যমে পুকুরপাড়ে তাঁর মরদেহ ঝুলে থাকার খবর পান পরিবারের সদস্যরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দুটি ঘটনাই আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই দুই ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে।