মির্জাগঞ্জে নিখোঁজের দুদিন পর স্কুলছাত্রীর বিবস্ত্র মরদেহ উদ্ধার: এলাকায় ক্ষোভ
ওয়াদুদ খন্দকার, মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মির্জাগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়া দশম শ্রেণির স্কুলছাত্রী ইসরাত জাহান যুথির (১৬) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুই দিন পর আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাড়ির পাশের একটি নির্জন বাগানসংলগ্ন ডোবা থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। স্বজনদের ধারণা, কিশোরী যুথিকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।
নিহত ইসরাত জাহান যুথি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামের মো. জামাল হাওলাদারের মেয়ে। সে স্থানীয় সুবিদখালী র. ই. পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে বিদ্যালয় সাময়িক পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় যুথি। পরীক্ষা শেষে সাধারণত দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে সে বাড়ি ফিরলেও সেদিন আর ফেরেনি। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা বিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিহতের বাবা জামাল হাওলাদার জানান, আজ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে প্রায় ২০০ গজ দূরে একটি বাগানের পাশে হঠাৎ যুথির জুতা দেখতে পান তিনি। জুতার সূত্র ধরে বাগানের ভেতরের দিকে এগোতেই পাশের একটি খাঁদ বা ডোবায় মেয়ের বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখেন। মেয়ের এমন নৃশংস পরিণতি দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা ও উপস্থিত প্রতিবেশীরা।
খবর পেয়ে মির্জাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে আলামত ও তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য সিআইডি এবং পিবিআই-এর বিশেষজ্ঞ দল কাজ শুরু করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে এটিকে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। এই ন্যাক্কারজনক ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।
এদিকে স্কুলছাত্রী যুথির এমন নির্মম হত্যাকাণ্ডের খবরে গোটা মির্জাগঞ্জ এলাকায় গভীর শোক ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সহপাঠী ও এলাকাবাসী অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন।