খাগড়াছড়িতে ক্লাস চলাকালে বজ্রপাত: শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত ১৬
ওয়াদুদ খন্দকার, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, দৈনিক জনকথা
খাগড়াছড়ির রামগড় উপজেলায় ক্লাস চলাকালীন সময়ে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দ ও তীব্র আলোকের ঝলকানিতে এক সহকারী শিক্ষিকাসহ অন্তত ১৬ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে প্রতিদিনের মতোই বিদ্যালয়ে স্বাভাবিক পাঠদান কার্যক্রম চলছিল। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কক্ষের বাইরে থাকা একটি গাছের ওপর তীব্র শক্তিতে বজ্রপাত হয়। বজ্রপাতের আকস্মিক বিকট শব্দ, তীব্র আলোর ঝলকানি ও প্রচণ্ড উত্তাপের কারণে মুহূর্তের মধ্যেই পুরো বিদ্যালয়ের শিক্ষক এবং কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় টিনশেড ভবনের চতুর্থ শ্রেণির কক্ষে পাঠদানরত অবস্থায় থাকা সহকারী শিক্ষিকা শাহানা আফরোজ এবং কক্ষে থাকা ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রাঘাতের তীব্র ঝলকানি লাগে। আতঙ্কে ও ভয়ে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি ও কান্নাকাটির এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হওয়ায় পুরো বিদ্যালয়ের সবাই চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েন। চতুর্থ শ্রেণির কক্ষের একদম কাছে বজ্রপাত হওয়ায় ওই কক্ষে থাকা শিক্ষক ও শিক্ষার্থীদের শরীর সাময়িকভাবে অবশ হয়ে যায় এবং তীব্র ঝলকানি লাগে।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও আলোর ঝলকানিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মূলত তীব্র মানসিক আঘাত ও আতঙ্কে ভুগছিলেন। কারো কারো শরীরের বিভিন্ন অংশ সাময়িকভাবে অবশ হয়ে গিয়েছিল। হাসপাতালে আনার পর তাদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষক ও শিক্ষার্থীসহ সবাই আশঙ্কামুক্ত থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের নিজ নিজ পরিবার ও অভিভাবকদের সাথে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।