কপ-৩১ সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় দিন কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ওয়াদুদ খন্দকার দৈনিক জনকথা
তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এর ওয়ার্ল্ড লিডার্স সামিটে যোগ দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময়ে অত্যন্ত ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের প্রথম দিন বুধবার (১১ নভেম্বর) দিনভর বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে আনতালিয়া এক্সিবিশন সেন্টারে অবস্থিত সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সম্মেলনের আয়োজকেরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কূটনৈতিক সূত্র ও প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, সম্মেলনস্থলে পৌঁছানোর পর থেকে দিনভর অন্তত ১১ জন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তারেক রহমানের যোগাযোগ ও মতবিনিময় হয়েছে। এর মধ্যে পাকিস্তান, ইরান, সিরিয়া, কুয়েত, মলদোভা ও উজবেকিস্তানসহ বেশ কয়েকটি দেশের শীর্ষ নেতা রয়েছেন। আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
এর আগে বুধবার দুপুরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং বিকেলে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি নির্ধারিত ছিল। এছাড়া তুরস্কের ফার্স্ট লেডির সভাপতিত্বে শূন্য বর্জ্য ব্যবস্থাপনা (জিরো ওয়েস্ট), সার্কুলার অর্থনীতি এবং মিথেন নিঃসরণ বিষয়ে আয়োজিত একটি বিশেষ গোলটেবিল বৈঠকেও অংশ নেন তিনি। সম্মেলনের ফাঁকে ওআইসি মহাসচিব এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সামেদ আগিরবাসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম দিনেই তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশের অবস্থান ও স্বার্থ তুলে ধরার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই সফর ও বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।